ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন—আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন—আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে এটিই তার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।রয়টার্সের দাবি অনুযায়ী, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার পর নতুন করে এসব নথি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সনদে বাংলাদেশের বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে জরুরি ভিত্তিতে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার আহ্বান জানানো হয়।
এমনকি প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী বলেও তার সহযোগীদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে।তবে রয়টার্সের এই প্রতিবেদনের সম্পূর্ণ বিপরীত তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। দৈনিক ইনকিলাবের প্রতিবেদনে দায়িত্বশীল কূটনৈতিক ও সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনা কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি বা আবেদন এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফলে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও বিচারিক কার্যক্রম এগিয়েছে। এমন রাজনৈতিক ও আইনি বাস্তবতায় পাসপোর্ট-এনআইডি নিয়ে রয়টার্সের প্রতিবেদন এবং বাংলাদেশের কূটনৈতিক মহলের অস্বীকৃতি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।